ঢাকা    মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
Bengali Journal

নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা

নড়াইলে এক ব্যক্তির বিরুদ্ধে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে শিশুকে ধর্ষণের অভিযোগে এনজিওকর্মী আটক হয়েছেন। চট্টগ্রাম ও মাগুরায় ধর্ষণচেষ্টার পর হত্যায় দুজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। নড়াইলে রবিউল সিকদার রবি (৩০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার বিকেলে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, শিশুটিকে তার বাবা বাড়ির পাশের দোকান থেকে চানাচুর কিনে দেন। সে চানাচুর নিয়ে বাড়ি ফিরছিল। দীর্ঘ সময় পরও বাড়ি না ফেরায় স্বজনরা খুঁজতে থাকে। একপর্যায়ে তাকে রবিউল সিকদারের ঘরের মধ্যে কাঁথা জড়ানো অবস্থায় পাওয়া যায়। এ সময় রবিউল বাড়িতে ছিলেন না। তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিবুল হাসান বলেন, দোষীকে শনাক্ত করা হয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।  চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণের অভিযোগে এনজিওকর্মী আটক চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে গতকাল সোমবার রাকিবুল ইসলাম (২৩) নামে এনজিওকর্মীকে আটক করেছে পুলিশ। রাকিবুল ইসলাম পিরোজপুরের শাড়িকতলা ইউনিয়নের কালিটাটি বটতলা গ্রামের দেলোয়ার তালুকদারের ছেলে। পুলিশ জানায়, ঋণের কিস্তির টাকা তুলতে গিয়ে এনজিওকর্মী রাকিবুল ইসলাম শিশুটির বাড়িতে যান। এ সময় শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করেন। আশপাশের মানুষ টের পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে তাকে আটক করে। ভোলাহাট থানার ওসি আব্দুল বারেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। চট্টগ্রামে ধর্ষণচেষ্টার পর হত্যায় একজনের মৃত্যুদণ্ড বিড়ালছানা দেওয়ার প্রলোভন দেখিয়ে ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা করেন মো. রুবেল। শিশুটি চিৎকার শুরু করলে শ্বাসরোধে হত্যা শেষে লাশ বস্তাবন্দি করে ডোবায় ফেলে দেন। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২-এর বিচারক মোহাম্মদ সাইফুর রহমান এ রায় ঘোষণা করেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মাহমুদ-উল আলম চৌধুরী মারুফ বলেন, মামলায় ২৪ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণে আসামির বিরুদ্ধে অপহরণ, ধর্ষণচেষ্টা, হত্যা ও লাশ গুমের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এ কারণে আদালত দণ্ডবিধির ৩০২ ধারায় তাঁকে মৃত্যুদণ্ড দিয়েছেন। পাশাপাশি নারী ও শিশু নির্যাতন দমন আইনের এক ধারায় যাবজ্জীবন কারাদণ্ড এবং আরেক ধারায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে। মাগুরায় ধর্ষণচেষ্টার পর হত্যার ঘটনায় একজনের মৃত্যুদণ্ড মাগুরায় চাঞ্চল্যকর স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার পর হত্যার ঘটনায় একজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার মাগুরার সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত হাসান শেখ (২৮) শ্রীপুর উপজেলার শ্রীকোল গ্রামের ফজলু শেখের ছেলে। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) সাখাওয়াত হোসেন বলেন, ২০২২ সালের ১৭ মার্চ শ্রীপুর উপজেলার কুমার নদের পারে একটি বাঁশঝাড়ের পাশে ধর্ষণচেষ্টা ও হত্যার এ ঘটনা ঘটে। ভুক্তভোগী একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। সে ওই দিন বিকেলে কুমার নদের পারে রসুনক্ষেত দেখতে গেলে হাসান শেখ তাকে অনুসরণ করেন এবং একটি বাঁশবাগানের ভেতরে নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন। শিশুটি বাধা দিলে হাসান তাকে প্রথমে ওড়না দিয়ে শ্বাসরোধ করেন এবং পরে ব্লেড দিয়ে গলা কেটে হত্যা নিশ্চিত করেন। পিপি আরও জানান, ভুক্তভোগীর শরীর থেকে একটি ছোট্ট লোম পাওয়া গিয়েছিল যা ডিএনএ পরীক্ষায় আসামির বলে প্রমাণিত হয়। এ ছাড়া উদ্ধার করা ব্লেডে একজন নারীর রক্ত পাওয়া যায়, যা দিয়ে রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে পেরেছে যে, এই ব্লেড দিয়েই তাকে হত্যা করা হয়েছিল। পিপি জানান, মামলায় মোট ১১ জন সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়। তদন্ত কর্মকর্তাসহ সব সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত হাসানকে মৃত্যুদণ্ড প্রদান করেন। আদালত পুলিশ সূত্রে জানা গেছে, মামলার আসামি হাসান শেখ বর্তমানে কারাগারে রয়েছেন। আদালতে তাঁর উপস্থিতিতে রায় ঘোষণা করা হয়।

নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা